বর্ষা মৌসুমে মাঠের অচলাবস্থার কারণে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের অনুশীলন ও ম্যাচ খেলার ধারাবাহিকতা যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী ‘ইনডোর একাডেমি কাপ ২০২৬’।
আগামী ২৩ থেকে ২৫ জুলাই চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ইনডোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে ১৬ দলের এই টুর্নামেন্ট। টুর্নামেন্টটির সার্বিক আয়োজন ও পরিচালনায় রয়েছে ‘স্পোর্টিফাই ইভেন্টস’।
টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে গত ২০ জুলাই এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের অংশগ্রহণকারী ১৬টি ক্রিকেট একাডেমির প্রধান কোচরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা সিরাজউদ্দিন মো. আলমগীর। এ সময় টুর্নামেন্টের বাইলজ, ড্র ও ম্যাচের সময়সূচি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়।
আয়োজকরা জানান, বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন খেলার মাঠ জলমগ্ন হয়ে দীর্ঘদিন অনুপযোগী থাকে। এতে উদীয়মান ক্রিকেটারদের নিয়মিত ম্যাচ অনুশীলন ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা ও পারফরম্যান্সের ধারাবাহিকতাও ক্ষতিগ্রস্ত হয়। এই প্রতিকূল সময়ে ক্রিকেটারদের খেলার সঙ্গে সম্পৃক্ত রাখা এবং ইনডোর কন্ডিশনে তাদের টেকনিক্যাল ও ফিজিক্যাল স্কিল সচল রাখতেই ব্যতিক্রমী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টে ১৬টি একাডেমি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ৮ ওভারের গ্রুপ পর্বের ম্যাচ। ২৫ জুলাই সকালে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। একই দিন বিকেলে দুটি সেমিফাইনাল এবং সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে ১০ ওভারের ফরম্যাটে।
টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘ইমপ্যাক্ট সাবস্টিটিউশন’ নিয়ম। পাশাপাশি প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগের খেলোয়াড়দের বাইরে রেখে স্থানীয় পর্যায়ের উদীয়মান ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে চট্টগ্রামের প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।
সমন্বয় সভায় টেকনিক্যাল কমিটির সদস্য জয়নাল আবেদীন ও সারোয়ার হোসেন বাবু এবং টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য ফজলে দাইয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটি চট্টগ্রামের ক্রীড়ামোদী ও ক্রিকেটপ্রেমী দর্শকদের ইনডোর একাডেমি কাপের ম্যাচগুলো উপভোগ করতে এবং তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে।
এবারের টুর্নামেন্টে স্পন্সর হিসেবে রযেছেন স্পোর্টস বাস্কেট, রনি এন্টারপ্রাইজ, রিজিক ফ্যাশন হাউজ।