তিন দশকের ক্রীড়া সংগঠক হিসেবে দেশে-বিদেশে সুনামের সাথে দায়িত্ব পালন করা চট্টগ্রামের গর্ব সিরাজউদ্দিন মোহামম্দ আলমগীরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে নবনির্বাচিত বোর্ড পরিচালকদের নিয়ে প্রথমবারের মতো বৈঠকে বসেন তামিম ইকবাল। বৈঠকে বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করেছেন তিনি। আর সেখানে টুর্নামেন্ট কমিটির মতো গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হিসেবে আস্থা রেখেছেন সিরাজউদ্দিন আলমগীরের প্রতি।
এছাড়া, চট্টগ্রামের সন্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন পেয়েছেন এইজ গ্রুপ বিভাগের দায়িত্ব। অর্থ বিভাগে ইসরাফিল খসরু এবং সিকিউরিটি ও টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির প্রধান হয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ।
বোর্ড সভাপতি তামিম নিজে ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধানের দায়িত্ব নিয়েছেন। জাতীয় দলের ব্যবস্থাপনা দেখভাল করা ক্রিকেট পরিচালনা বিভাগের জন্য আলাদা কোনো চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি। এই বিভাগে আলাদা চেয়ারম্যান না থাকলে সাধারণত সভাপতিই সেই দায়িত্ব পালন করেন।
সহসভাপতি ফাহিম সিনহাকে দেওয়া হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল ও গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব। গ্রাউন্ডস ও হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান হয়েছেন শানিয়ান তানিম। সর্বশেষ অ্যাডহক কমিটির আমলে গ্রাউন্ডসের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম এবার নারী উইংয়ের চেয়ারম্যান হয়েছেন।
লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল, মেডিকেল বিভাগে প্রফেসর ডা. মোহাম্মদ মাহবুব আহমেদ শামীম এবং মিডিয়া কমিটির প্রধান হয়েছেন আসিফ রাব্বানি।
এ ছাড়া মঈন উদ্দীন চৌধুরী সিসিডিএম, আব্দুল্লাহ আল ফুয়াদকে ফিজিক্যালি চ্যালেঞ্জড, সাইদ বিন জামানকে অডিট ও শেখ মোহাম্মদ রুহুল আমিনকে ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
এক নজরে দেখে নিন কে কোন দায়িত্বে
ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি ➟ তামিম ইকবাল
টুর্নামেন্ট কমিটি ➟ সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর
ফাইন্যান্স কমিটি ➟ ইসরাফিল খসরু
গেম ডেভেলপমেন্ট কমিটি ➟ ফাহিম সিনহা
এইজ গ্রুপ কমিটি ➟ মিনহাজুল আবেদীন নান্নু ও শফিকুল আলম
মার্কেটিং কমিটি ➟ আসাদুজ্জামান ও আসিফ রব্বানী
ডিসিপ্লিনারি কমিটি ➟ আবদুল কাইয়ুম চৌধুরী ও মির্জা ফয়সল আমীন
হাই পারফরম্যান্স (এইচপি) ও গ্রাউন্ডস কমিটি ➟ শাহনিয়ান তানিম
মেডিক্যাল কমিটি ➟ ডাক্তার মাহবুব শামীম
আম্পায়ার্স কমিটি ➟ মির্জা ইয়াসির আব্বাস
ওয়েলফেয়ার্স কমিটি ➟ শেখ রুহুল আমিন
টেন্ডার অ্যান্ড পারসেজ কমিটি ➟ সাঈদ ইব্রাহিম আহমেদ
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি ➟ আসিফ রব্বানী
সিকিউরিটি কমিটি ➟ সাঈদ ইব্রাহিম আহমেদ
অডিট কমিটি ➟ সাইদ বিন জামান সৌরভ
লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি ➟ ইয়াসির ফয়সাল ও ইসরাফিল খসরু
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ➟ মঈন উদ্দিন চৌধুরী
উইমেন্স উইং ➟ রফিকুল ইসলাম বাবু
ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি ➟ এস এম আবদুল্লাহ আল ফুয়াদ।
রাজশাহী থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মীর শাকরুল আলমের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে আজ। বাকি ২৪ জনের মধ্যে ১৮ জন বিভিন্ন বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন। বাকি ৬ জনের মধ্যে সরফরাজ আহমেদ ও মির্জা ফয়সল আমীনকে দুটি কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন। বাকি ৪ পরিচালক মিজানুর রহমান, শান্তুনু ইসলাম, শফিকুল আলম ও সাকিফ আহমেদকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি।
বিভাগ বণ্টনের পাশাপাশি সভায় মিরপুরে ক্রিকেটারদের জন্য সুইমিংপুল নির্মাণ, শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে ছাদ দেওয়া এবং জাতীয় দলের জন্য টিম বাস কেনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।