মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পর্দা নামলো স্পোর্টিফাই ইভেন্টসের চট্টগ্রাম ইনডোর টুর্নামেন্টের, চ্যাম্পিয়ন নিও ক্রিকেট একাডেমি

ক্রীড়া প্রতিবেদক

২৮ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন

পর্দা নামলো স্পোর্টিফাই ইভেন্টসের চট্টগ্রাম ইনডোর টুর্নামেন্টের, চ্যাম্পিয়ন নিও ক্রিকেট একাডেমি

নিও ক্রিকেট একাডেমির চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নামলো চট্টগ্রামের জমজমাট ইনডোর ক্রিকেট একাডেমি কাপের। ফাইনালে নিও ক্রিকেট একাডেমি ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে। 

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় বর্ষা মৌসুমে মাঠের অচলাবস্থার কারণে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের অনুশীলন ও ম্যাচ খেলার ধারাবাহিকতা যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্যে চট্টগ্রামের ১৬টি একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিয়াদ ১৯, ফারহান ও মাহাদী উভয়ই ১৬ রান করেন। নিও ক্রিকেট একাডেমির ফয়েজ, জহির, আশেক ও মেহেদী প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। 

জবাবে, নিও ক্রিকেট একাডেমির দুই উদ্বোধনী ব্যাটার রায়হান ও নূরউদ্দীনের ঝোড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় তারা। রায়হান ১৬ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৫৪ রান করে বাধ্যতামূলক রিটায়ার্ডহার্টে গেলেও সমানসংখ্যক বলে ৫টি করে চার-ছয়ে ৫০ রান করে অপরাজিত থাকেন নূর উদ্দিন। রায়হান হন ম্যান অব দ্য ফাইনাল। 

এর আগে একই দিন বিকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নিও ক্রিকেট একাডেমি ৭ উইকেটে হারায় ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে। ব্রাদার্সের করা ১২৯ রান মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে যায় নিও ক্রিকেট একাডেমি। নিও ক্রিকেট একাডেমির নূর উদ্দিন ম্যাচ সেরা হন। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে কোয়ালিটি ক্রিকেট একাডেমির করা ১০৬ রান ৩ উইকেট হারিয়ে টপকে যায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির ফারহান হন ম্যাচ সেরা। 

ফাইনালের আগে দুই সেমিফাইনালে হেরে যাওয়া ব্রাদার্স ক্রিকেট একাডেমি ও কোয়ালিটি ক্রিকেট একাডেমির মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৩৭ রানে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে।

টুর্নামেন্টে ১৭৮ রান করে সেরা ব্যাটসম্যান হয়েছেন ব্রাদার্স একাডেমির মিফতাহ। অন্যদিকে, টুর্নামেন্টে মোট ৭ উইকেট শিকার করে সেরা বোলার হয়েছেন নিও ক্রিকেট একাডেমির আশিক। 

টুর্নামেন্টে মোট ১২০ রান এবং বল হাতে ৪ উইকেট শিকার করে সেরা খেলোয়াড় হয়েছেন আফতাব আহমেদ একাডেমির ফারহান। টুর্নামেন্টের এই সেরা খেলোয়াড়কে আকর্ষনীয় মোবাইল ফোন উপহার প্রদান করবেন রনি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী দিপঙ্কর দত্ত রনি। 

ফাইনাল শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ শোয়াইব, রনি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী দিপঙ্কর দত্ত রনি, স্পোটর্স বাস্কেটের সত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেন, রিজিক ফ্যাশন হাউজের প্রোপাইটর সাইদুল ইসলাম তুহিন, ক্রীড়া সংগঠক হায়দার কবির প্রিন্স,  আয়োজক সংস্থা স্পোর্টিফাই ইভেন্টস-এর স্বত্বাধিকারী ফজলে দাইয়ান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্পোর্টিফাই ইভেন্টস-এর উপদেস্টা রোকসানা আলম।  
 
প্রসঙ্গত, এবারের টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিলেন স্পোর্টস বাস্কেট, রনি এন্টারপ্রাইজ, রিজিক ফ্যাশন হাউজ।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন