ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টির সেমিতে নাইনটিজ উইলো, সহজ জয় পেয়েছে চট্টগ্রাম মাস্টার্স

ক্রীড়া প্রতিবেদক

০৪ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টির সেমিতে নাইনটিজ উইলো, সহজ জয় পেয়েছে চট্টগ্রাম মাস্টার্স

ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে নাইনটিজ উইলো। একইদিনে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম মাস্টার্স।

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টে শনিবার (৩ জুলাই) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে দারুণ নৈপুণ্য দেখান বিজয়ী দলের খেলোয়াড়রা।

দিনের প্রথম ম্যাচে কুল ওয়ারিয়র্সকে ৭ উইকেটে পরাজিত করেছে সেমিফাইনাল নিশ্চিত করে নাইনটিজ উইলো।

টসে জিতে ব্যাট করে কুল ওয়ারিয়র্স ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ৭০ রান সংগ্রহ করে। ফজলুল বাশার রানা ১৫ রান, রাশেদুর রহমান ১২ ও মুনতাসির রহমান ১১ রান করেন। 

নাইনটিজ উইলোর হয়ে সবুজ ৩টি, রাশেদ খান ও ইদে আমিন ২টি করে উইকেট শিকার করেন।

জবাবে মাত্র ৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান তুলে সহজ জয় পায় নাইনটিজ উইলো। মাহবুব-উল-করিম মিঠু ২১ বলে অপরাজিত ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যাতে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। মিঠুই হন ম্যাচ সেরা; তার হাতে পুরষ্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার ও চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সদস্য হারুন অর রশীদ।

দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম মাস্টার্স ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় হোয়াইট ফ্যালকনকে। 

টসে জিতে আগে ব্যাট করে হোয়াইট ফ্যালকন নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। দলের হয়ে আবদুল্লাহ আল মাসুম ২৮, শামসেদ১২ এবং ইভান অপরাজিত ১০ রান করেন। 

চট্টগ্রাম মাস্টার্সের হয়ে রাইহান উদ্দিন আরাফাত ও সাদাতুল আরেফিন ২টি করে উইকেট নেন।

১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম মাস্টার্স ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে জয় নিশ্চিত করে। 

শাবিবুল আলম ১৯ বলে অপরাজিত ৩০ এবং একরামুল হক ২৬ বলে অপরাজিত ২৮ রান করেন। এছাড়া জাহেদুল ইসলাম ৩২ রান যোগ করেন।

ম্যাচসেরা শাবিবুল আলমের হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য সাইফুদ্দিন টিটু।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন