জমজমাট ফাইনাল আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের মধ্য দিয়ে পর্দা নামল ইস্পাহানি-মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে চট্টগ্রাম মাস্টার্সকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৯০’স উইলোজ।
চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টির ষষ্ঠ আসরের ফাইনাল শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ৯০’স উইলোজ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দলটি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৮৭ রান।
দলের বড় সংগ্রহে সবচেয়ে বড় অবদান রাখেন ইকবাল হোসেন। দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৭ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাকে দারুণভাবে সহযোগিতা করেন সবুজ ও লিপন কুমার। সবুজ ২৯ বলে ৪৩ রান করেন। অন্যদিকে লিপন কুমারের ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস দলকে শক্তিশালী সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বল হাতে চিটাগাং মাস্টার্সের অধিনায়ক নাঈম উদ্দিন জোড়া উইকেট নেন। এছাড়া, নাজমুল, আরিফিন, নবাব ও পিপলু নেন ১টি করে উইকেট।
১৮৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চিটাগাং মাস্টার্স। প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের পক্ষে জাহেদুল ইসলাম সর্বোচ্চ ৫৪ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাকে রাইসুর (অপরাজিত ১৭ রান) ছাড়া আর কেউ সঙ্গ দিতে পারেননি। তাতে করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ৬৮ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে ৯০’স উইলোজ।
নাইনটিজ উইলোর হয়ে বল হাতে রাশেদ ও পিটার নেন ৩টি করে উইকেট।
ফাইনালে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কার জিতে নেন ৯০’স উইলোজের ইকবাল হোসেন।
খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি টি ট্রেডের জেনারেল ম্যানেজার শাহ মঈনুদ্দিন হাসান। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি টি ট্রেডের সিনিয়র ম্যানেজার তাসবির হাকিম এবং ইস্পাহানি টি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মো. ফাতেহ আমিন তারেক।
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এস এম গিয়াসউদ্দিন, সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন, সিনিয়র সদস্য আরফানুল ইসলাম খান লাবু, আজিজুল হক বুলবুল, ওমর ফারুক, মোহাম্মদুল ইসলাম, আলী আকবর, গিয়াসউদ্দিন বাবর, সাইফুদ্দিন টিটুসহ আমন্ত্রিত অতিথি এবং চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ষষ্ঠ আসরেও সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে ক্রিকেট আয়োজন। প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্রিকেটের প্রতি ভালোবাসা, পারস্পরিক সৌহার্দ্য এবং সাবেক ক্রিকেটারদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হয়।
টুর্নামেন্টের সফল সমাপ্তিতে আয়োজক চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল অতিথি, পৃষ্ঠপোষক, সিজেকেএস এডহক কমিটির কর্মকর্তা, সিজেকেএস ক্লাব সমিতির কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড় ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।