চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন (সিসিইউএসএ) আয়োজিত ইস্পাহানি-মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে রিলায়েন্স স্পোর্টস ও নাইনটিজ উইলো।
শনিবার (২০ জুন) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রিলায়েন্স স্পোর্টস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবুল হাশেম রাজা ২৪ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া বেলাল হোসেন অপরাজিত ২২ ও ওয়াজি অপরাজিত ১৪ রান করেন।
কুল ওয়ারিয়র্সের হয়ে হাসান নূর ও মুনতাসির রহমান দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে কুল ওয়ারিয়র্স ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রান তুলতে সক্ষম হয়। রেজাউল করিম ৪৮ ও হাসান নূর ২৯ রান করলেও দলের পরাজয় এড়াতে পারেননি। ফলে রিলায়েন্স স্পোর্টস ১৫ রানের জয় পায়।
ব্যাট হাতে ঝড়ো অর্ধশতকের জন্য আবুল হাশেম রাজা ম্যাচসেরা নির্বাচিত হন।
দিনের দ্বিতীয় ম্যাচে সিটি কর্পোরেশন মাস্টার্স আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১১০ রান সংগ্রহ করে। ইকবাল আহমেদ ৩৬, সাইফুদ্দিন টিটু ২২ ও কামাল হোসেন অপরাজিত ১৮ রান করেন। নাইনটিজ উইলোর হয়ে নিয়াজ উদ্দিন জকি দুটি উইকেট নেন।
জবাবে নাইনটিজ উইলো ১৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রানের লক্ষ্যে পৌঁছে যায়। নিয়াজ উদ্দিন জকি ৩১ বলে অপরাজিত ৩২ রান করেন। এছাড়া লাবলু হোসেন ২৫ ও মাহমুদুল ইসলাম ১৭ রান যোগ করেন।
সিটি কর্পোরেশন মাস্টার্সের পঙ্কজ কান্তি দে ও শোয়েবুর রহমান দুটি করে উইকেট নেন।
অলরাউন্ড নৈপুণ্যে দুই উইকেট শিকারের পাশাপাশি অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে নিয়াজ উদ্দিন জকি ম্যাচসেরা নির্বাচিত হন।
ম্যাচসেরা খেলোয়াড় আবুল হাশেম রাজা ও নিয়াজ উদ্দিন জকির হাতে পুরস্কার তুলে দেন আইসিসি আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য জিএম হাসান ও আলী আকবর।