বিসিবির পরিচালনা পর্ষদে চট্টগ্রামের জয়জয়কার, সভাপতিসহ ৮ জনই চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক

০৭ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

বিসিবির পরিচালনা পর্ষদে চট্টগ্রামের জয়জয়কার, সভাপতিসহ ৮ জনই চট্টগ্রামের

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে চট্টগ্রামের ছয়-সাতজন খেলোয়াড় থাকা ছিল নিত্য-নৈমত্তিক ঘটনা। সময়ের আবর্তনে জাতীয় দলে চট্টগ্রামের খেলোয়াড় সংখ্যা নেমে আসে হাতেগোনা কয়েকজনে। তামিম ইকবালের বিদায়ের পর বর্তমান জাতীয় দলে চট্টগ্রামের প্রতিনিধি নেই বললেই চলে।

তবে, চট্টগ্রামের হারানো সেই গৌরব আবার ফিরে এসেছে বিসিবিতে। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, বরং খেলোয়াড়দের 'অভিভাবক' (বিসিবি পরিচালক) হিসেবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালনা পর্ষদের নির্বাচনে আটজন বোর্ড পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম থেকে।

রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে ভোটগ্রহণ ও ফলাফল গণনা শেষে নির্বাচন কমিশন তাঁর চূড়ান্ত বিজয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

নির্বাচনে কাঙ্ক্ষিতভাবেই সভাপতির পদে জয়লাভ করেছেন চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের সন্তান, সাবেক দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিনি ক্যাটাগরি-২ তথা ঢাকার ক্লাব ক্যাটাগরির ১২ পরিচালকের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচিত বোর্ডের পরিচালকদের মধ্যে সভাপতি পদে তামিম ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় তিনি বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হন।

বিসিবিতে দীর্ঘ ১৪ বছর পর আবারও পরিচালক নির্বাচিত হলেন দেশের অন্যতম অভিজ্ঞ ও বরেণ্য ক্রীড়া সংগঠক চট্টগ্রামের গর্বিত সন্তান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি ‘ক্যাটাগরি-৩’ (বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ড) থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন।এই ক্যাটাগরিতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে বিসিবির নতুন নীতিনির্ধারণী বোর্ডে নিজের স্থান নিশ্চিত করেছেন।

সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক কাউন্সিলর এবং চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে ক্রিকেট সংগঠক হিসেবে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ক্রিকেটীয় অবকাঠামো এবং খেলোয়াড় তৈরির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি ওতপ্রোতভাবে যুক্ত আছেন।

বিসিবিতে প্রথমবারের মতো পরিচালক পদে (ক্যাটাগরি-১) বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। চট্টগ্রাম বিভাগ থেকে তার সাথে নির্বাচিত হয়েছে আবারও বিসিবিতে ফিরেছেন অভিজ্ঞ সংগঠক লক্ষ্মীপুরের মঈন উদ্দিন।

বিসিবিতে পরিচালক হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের উদীয়মান ক্রীড়া সংগঠক ইসরাফিল খসরু। অর্থমন্ত্রী আমির খসরুর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু ঢাকার ক্লাব ক্যাটাগরিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

সমানসংখ্যক ৭২ ভোট পেয়ে বিসিবিতে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আরেক উদীয়মান ক্রীড়া সংগঠক সাঈদ ইবরাহীম আহমেদ। ঢাকার ক্লাব ক্যাটাগরির মতো প্রতিদ্বন্ধিতাপূর্ণ জায়গা থেকে নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদের সুযোগ্য পুত্র চকরিয়ার গর্বিত সন্তান সাঈদ ইবরাহীম।

ক্লাব ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন চট্টগ্রামের এশিয়ান গ্রুপের ডিএমডি, তরুণ ক্রীড়া সংগঠক সাকিফ আহমেদ সালাম। 

এছাড়া, পরিচালক হিসেবে জয় পেয়েছেন চাঁদপুর মতলবের কৃতি সন্তান অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। তিনি ক্লাব ক্যাটাগরিতে ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

উল্লেখ থাকে যে, বিসিবির এডহক কমিটির প্রধান হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এই নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হয়েছেন সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল। তাঁর এই নতুন কমিটিতে আপাতত একজন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফাহিম সিনহা।

বিসিবির মোট ২৫ জনের পরিচালনা পর্ষদের মধ্যে ২৩ জন ভোটের মাধ্যমে নির্বাচিত হন এবং বাকি দুইজনকে সরাসরি মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এবার এনএসসি থেকে মনোনীত হয়ে বোর্ডে এসেছেন রুহুল আমিন ও সরফরাজ আহমেদ।

বাকি ২৩ পরিচালকের মধ্যে ঢাকার ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকিফ আহমেদ সালাম।

অন্যদিকে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ৭ জনই এসেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হয়েছেন সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর থেকে মির্জা ফয়সল আমীন। 

এই ক্যাটাগরিতে কেবল বরিশাল ও খুলনা বিভাগে ভোট অনুষ্ঠিত হয়েছে। সেখানে বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান এবং খুলনা বিভাগ থেকে দুই পরিচালক নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন।

নতুন নির্বাচিত এই পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ আগামী চার বছরের জন্য দেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে কাজ করবে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন