ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে রিলায়েন্সের শুভসূচনা

ক্রীড়া প্রতিবেদক

০৫ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে রিলায়েন্সের শুভসূচনা

ঈদুল আজহার বন্ধের পর আবারও শুরু হয়েছে ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-২০ ক্রিকেট। আর তাতে জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে রিলায়েন্স স্পোর্টস। তারা ৭৫ রানের বড় ব্যবধানে হারায় চট্টগ্রাম সিটি করপোরেশন মাস্টার্স দলকে।

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের ষষ্ঠ আসরে এসে টুর্নামেন্টে প্রথম নাম লেখায় রিলায়েন্স ও সিটি মাস্টার্স। তাতে  জয় তুলে নিয়েছে রিলায়েন্স স্পোর্টস।

শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রিলায়েন্স স্পোর্টস। উদ্বোধনী জুটিতেই ৪.৫ ওভারেই দলকে ৬০ রানের পুঁজি এনে দেন হাফিজুর রহমান হিরা ও আবুল হাশেম রাজা। তাদের শুরুর দিকের ঝড় শেষের দিকে এসে টর্ণেডোতে পরিণত করেন নয় নম্বরে ব্যাট করতে নামা পেসার বেলাল হোসাইন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৬৭ রান।

দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করা বেলাল হোসাইন ২৬ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া হাফিজুর রহমান হিরা ৩৫, সরওয়ার আজম ৩৫ এবং আবুল হাশেম রাজা ১৮ রান যোগ করেন। সিটি কর্পোরেশন মাস্টার্সের পক্ষে মাসুম উদ দৌলা ৪ উইকেট এবং পঙ্কজ নাথ ২ উইকেট শিকার করেন।

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিটি কর্পোরেশন মাস্টার্স শুরু থেকেই চাপে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা করতে পারে মাত্র ৯২ রান। দলের পক্ষে সাইফুদ্দিন টিটু সর্বোচ্চ ১৭, সফদার আলী ১৫ এবং ইকবাল আহমেদ ১৩ রান করেন।

রিলায়েন্স স্পোর্টসের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষকে বড় কোনো জুটি গড়তে দেননি। রাজীব ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট, শহীদুল ৩ ওভারে ১২ রানে ২ উইকেট এবং বেলাল হোসাইন ৩ ওভারে ১১ রানে ১ উইকেট নেন।

ম্যাচে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যের জন্য রিলায়েন্স স্পোর্টসের বেলাল হোসাইন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ারস অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের সিনিয়র সদস্য আরফানুল ইসলাম খান লাবু।

টুর্নামেন্টে আগামীকাল (৬ জুন) দুটি খেলা রয়েছে। দিনের প্রথম খেলায় চিটাগাং রয়েলস ও চিটাগাং মাস্টার্স এবং দ্বিতীয় খেলায় আগ্রাবাদ মাস্টার্স ও হাক্কানি ক্রিকেট ক্লাব পরষ্পর মোকাবেলা করবে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন