চট্টগ্রামের ক্রিকেটে আবারও শাবিবুল আজমের ঝলক, মাস্টার্স টি-টোয়েন্টিতে ঝড়ো সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

১৫ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

চট্টগ্রামের ক্রিকেটে আবারও শাবিবুল আজমের ঝলক, মাস্টার্স টি-টোয়েন্টিতে ঝড়ো সেঞ্চুরি

একসময় চট্টগ্রাম বিভাগীয় দলের পরিচিত মুখ ছিলেন শাবিবুল আজম। মাঠ কাঁপানো ব্যাটিংয়ের জন্য পরিচিত এই অভিজ্ঞ ক্রিকেটার আবারও স্মরণ করিয়ে দিলেন নিজের সামর্থ্যের কথা।

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে খেললেন দুর্দান্ত এক ইনিংস।

চট্টগ্রাম মাস্টার্সের হয়ে আগ্রাবাদ মাস্টার্সের বিপক্ষে মাত্র ৫৪ বলে অপরাজিত ১২২ রান করেন শাবিবুল আজম। তার বিধ্বংসী ইনিংসে ছিল ৮টি চার ও ১১টি ছক্কা। ইনিংসজুড়ে দারুণ টাইমিং, শক্তিশালী হিটিং এবং পরিণত ব্যাটিংয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি।

একসময় চট্টগ্রাম বিভাগের নিয়মিত পারফরমার হিসেবে পরিচিত শাবিবুল আজম বয়সভিত্তিক ও বিভাগীয় ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছিলেন। দীর্ঘদিন পর আবারও আলোচনায় এলেন তার ব্যাটের ঝলকে। মাস্টার্স ক্রিকেটে অভিজ্ঞদের অংশগ্রহণ থাকলেও শাবিবুলের এই ইনিংস আলাদাভাবে নজর কেড়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের।

তার সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ২৩৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় এবং শেষ পর্যন্ত ৩৬ রানের জয় পায়।

ম্যাচ শেষে ক্রিকেটাঙ্গনে শারিবুল আজমের ইনিংস নিয়েই ছিল সবচেয়ে বেশি আলোচনা। অনেকেই মনে করছেন, বয়স বাড়লেও ব্যাট হাতে এখনো তিনি সমান কার্যকর ও ভয়ংকর। অভিজ্ঞতা আর ক্লাস যে কখনো হারিয়ে যায় না, সেটিই যেন আবার প্রমাণ করলেন চট্টগ্রামের এই সাবেক বিভাগীয় ক্রিকেটার।

ম্যাচ সেরা এই অভিজ্ঞ ক্রিকেটারের হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ারস অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন