বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পাকিস্তানের বিপক্ষে আবারও দাপুটে জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

২০ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে আবারও দাপুটে জয় বাংলাদেশের

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ‍উঠেছিল দ্বিতীয় টেস্টের ভেন্যু যেন পরিবর্তন করে সিলেট থেকে ঢাকায় রেখে দেয়া হয়। ভেন্যু পরিবর্তনের সেই ‘দাবি’ রাখা না হলেও ভক্তদের হতাশ করেননি টাইগাররা। মিরপুর টেস্টের পর সিলেট টেস্টেও দারুণ জয় পেল বাংলাদেশ।

৪৩৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। ৭ উইকেটে ৩১৬ রানে আগেরদিন চতুর্থ দিন শেষ করে পাকিস্তান। বুধবার (২০ মে) শেষ দিনে সমীকরণ ছিল, জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১২১ রান। আর বাংলাদেশকে জিততে হলে নিতে হবে বাকি ৭ উইকেট।

সকালের সেশনে ১১. ২ ওভারের খেলাতেই বাংলাদেশ এই চ্যালেঞ্জে জিতল। ৯৫.২ থেকে ৯৭.২ ওভারের মধ্যে (১৩ বল) বাকি ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। সাজিদ ও রিজওয়ানের ৫৪ রানের জুটি ভেঙে শুরুটা করেছিলেন তাইজুল। সাজিদকে তুলে নেন। পরের ওভারে প্রথম বলে রিজওয়ানকে (৯৪) ফেরান শরীফুল। তাইজুল পরের ওভারে বোলিংয়ে এসে আউট করেন খুররমকে।

ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ। এই নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্টে জয়লাভ করলো বাংলাদেশ।

১২০ রানে ৬ উইকেট নেন তাইজুল। টেস্টে এ নিয়ে ১৮ তম বার ইনিংসে ন্যূনতম ৫ উইকেট নিলেন। যদিও দ্বিতীয় ইনিংসে অসাধারণ সেঞ্চুরির কারণে ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার উঠে লিটন দাশের হাতে। অন্যদিকে সিরিজের দুই টেস্টেই ভালো ব্যাটিং করার পুরষ্কার ‘ম্যান অব দ্য সিরিজ’ জিতলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৭৮ ও ৩৯০।
পাকিস্তান: ২৩২ ও ৯৭.২ ওভারে ৩৫৮ (রিজওয়ান ৯৪, মাসুদ ৭১, বাবর ৪৭; তাইজুল ৬/১২০, নাহিদ ২/৭১, মিরাজ ১/৬২)।
ফল: বাংলাদেশ ৭৮ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে জিতল বাংলাদেশ।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন